সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রীসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় এক দম্পতিসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার জামতৈল গ্রামের সোনা উল্লার ছেলে ব্যাটারিচালিত ভ্যানের চালক নূরুল ইসলাম (৩৫), আজুগড়া (হিজলতলা) গ্রামের মৃত বাছের সরকারের ছেলে আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫)।

নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুনকে (১৬) আহত অবস্থায় এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমান জাফর দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। বাসটি মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ওই নিহত দম্পতির মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।