নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন বাড়িতে পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী বাবা ও তার ছেলে মারা গেছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৭)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইন উদ্দিন নিজ গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণ করছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় তিনি ও ছেলে রাশেদ বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
ওসি ইকতার মিয়া বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।'