মতিঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম আরাফাত রহমান শাওন (২৩)।
সোমবার রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুল রহমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা শাওনের বন্ধু আলিফ জানান, তারা হাতিরঝিলের মধুবাগের মীরেরটেক এলাকায় থাকতেন। শাওন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশুনা করতেন। রাতে দুজন মোটরসাইকেলে করে পুরান ঢাকায় ওয়ারীতে যাচ্ছিলেন ফুটবল খেলা দেখতে।
মোটরসাইকেল চালাচ্ছিলেন শাওন। ফকিরাপুল এলাকায় এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ওই ব্যক্তির ধাক্কা লাগে। এতে শাওন ও ওই ব্যক্তি রাস্তায় পরে গুরুতর আহত হন। এরপর তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
মৃত শাওনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গি নিশাত নগর এলাকায়। তার বাবার নাম লুৎফর রহমান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানায় জানানো হয়েছে। আহত শাহজাহানকে (৫০) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।