মিরপুরে টিসিবির পণ্য নেওয়ার সময় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তারা টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়ানো ছিলেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোডের দিকের ৮ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়ালের পাশে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল। লাইনে দাঁড়িয়েছিলেন থাকা নারীদের ওপর কলেজের দেয়াল ধসে পড়ে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা যান।

আহত অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী রিয়াজুল ব্যাপারী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কলেজের দেয়ালের অপর পাশে বসে চা খাচ্ছিলাম। দেয়াল ঘেঁষে সড়কে টিসিবির ট্রাক থেকে পণ্য বিতরণ করা হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি কলেজের দেয়াল ধসে পড়েছে। আশপাশে যারা ছিল তারা ইট-সুরকি সরিয়ে অনেককে বের করে। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়।’

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান বলেন, ‘দেয়াল ভেঙে পড়ার পর মানুষজন দৌড়ে উদ্ধার করতে যায়। কয়েক বছর আগে এই দেয়ালটা করা হয়। হয়তো বৃষ্টিতে দেয়ালটি ধসে পড়তে পারে।’

তাৎক্ষণিকভাবে কলেটির অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে কলেজে পাওয়া যায়নি। তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন বলে জানা গেছে।