মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিক আব্দুল বাছিত খানকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্থানীয় 'নতুন দিন' ও 'খবরপত্র' পত্রিকার সাংবাদিক আব্দুল বাছিত খানকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার বিকেল ৪টার দিকে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সাংবাদিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল বাছিত খান দুপুরে মৃত্তিজ্ঞা চা বাগান শ্রমিক ধর্মঘটের সংবাদ সংগ্রহ করে উপজেলা সদরে ফিরছিলেন। উবাহাটায় পৌঁছলে ২টি মোটরসাইকেলে ধারালো অস্ত্রধারী ৪-৫ জন তার গতিরোধ করেন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন।

পরে দুর্বৃত্তরা চলে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।'