প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

স্টার অনলাইন রিপোর্ট

উত্তরায় গার্ডার চাপায় ৫ জন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ বুধবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন অ্যাডভোকেট মো. জাকারিয়া খান। জনস্বার্থে উচ্চ আদালতে এই রিট আবেদনটি জমা দেন তিনি।

আবেদনে বিআরটির কাছ থেকে গত ৫ বছরে তাদের প্রকল্পে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে প্রতিবেদন চাওয়ার অনুরোধ করা হয়।

এ ছাড়াও, আবেদনকারী বিআরটির উন্নয়ন প্রকল্পগুলোতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

আবেদনকারীর আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্ট এই আবেদনের বিষয়ে পরে শুনানি করতে পারেন।

এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী সাগুফতা আহমেদ হাইকোর্টের কাছে পৃথক রিট আবেদন করেন, যেখানে তদন্তের মাধ্যমে যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশ চাওয়া হয়।