৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

স্টার অনলাইন রিপোর্ট

তিনটি শর্তে লাইসেন্স ফেরত পেয়েছে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মহসিন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা অফিস আদেশে বলা হয়, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই হাসপাতাল কর্তৃক করা আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কমিটির দেওয়ার প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিন শর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো।

শর্ত ৩টি হলো—

১। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবোরেটোরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।

২। লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুতি সম্পন্ন করতে হবে।

৩। লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।