আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং তাদের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি সাতজনকে যাবজ্জীবন, দুজনকে ৭ বছরের কারাদণ্ড এবং রাজসাক্ষীকে খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক আবদুল মালেক, সাবেক সহকারী উপ-পরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও স্থানীয় যুবলীগ নেতা রনি ভূইয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, ঢাকা রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
সাত বছরের কারাদণ্ড হয়েছে, আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক আরাফাত উদ্দীন ও কামরুল হাসানের। আর খালাস পেয়েছেন সাবেক উপ-পরিদর্শক শেখ আবজালুল হক।
এই মামলার আসামি ছিলেন মোট ১৬ জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আটজন।