উত্তরায় গৃহকর্মীর বিষপ্রয়োগে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, স্বামী গুরুতর অসুস্থ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরায় গৃহকর্মীর বিষপ্রয়োগে এক বৃদ্ধা মারা গেছেন এবং তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের একটি বাসায় এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক দ্য ডেইলি স্টারকে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি কল আসে যে ওই বাসায় এক বয়স্ক দম্পতিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, ‘পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে ভুক্তভোগীদের কাছের একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।’

ভুক্তভোগীরা হলেন ৬২ বছর বয়সী আয়েশা আক্তার এবং তার ৬৮ বছর বয়সী স্বামী আনোয়ার হোসেন। তাদের লুবানা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আয়েশাকে মৃত ঘোষণা করেন। আনোয়ার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘ওই দম্পতি তাদের ছোট ছেলে মনোয়ার হোসেন ও পুত্রবধূর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। প্রায় তিন দিন আগে তারা ভবনের কেয়ারটেকার রবিনের মাধ্যমে মারুফা নামের এক গৃহকর্মী নিয়োগ করেন। তবে পরিবারটির কাছে ওই গৃহকর্মীর পূর্ণ ঠিকানা বা মোবাইল নম্বর ছিল না।’

পুলিশের ধারণা, গৃহকর্মী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দম্পতিকে অচেতন করে ফ্ল্যাট থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে।

ঘটনার সময় ওই দম্পতির ছেলে ও পুত্রবধূ ওই ফ্ল্যাটে ছিলেন না। তারা গত দুই দিন ধরে মিরপুরের বাসায় ছিলেন, ফলে বৃদ্ধ বাবা-মা ওই বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি কাজী রফিক বলেন, ‘মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং সুরতহাল কার্যক্রম চলছে।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তিনি।