শ্যামপুরে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় ‘চোর সন্দেহে’ আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর পোস্তগোলা শ্মশানঘাটের বিআইডব্লিউটিএর নতুন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে শ্যামপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা বিআইডব্লিউটিএ’র নতুন প্রকল্প এলাকায় রড চুরি করতে গিয়েছিলেন ওই যুবক। এসময় প্রকল্প এলাকায় থাকা লোকজন টের পেয়ে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠায়। 

নিহত যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানান এসআই। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।