আদালতে ভাঙচুর-বিচারককে নিয়ে মন্তব্য: ৯ বিএনপিপন্থী আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা

স্টার অনলাইন রিপোর্ট

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ বিএনপিপন্থী নয় আইনজীবী আজ মঙ্গলবার হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তারা একটি ফৌজদারি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ায় আদালতকক্ষে ভাঙচুর এবং সংশ্লিষ্ট বিচারক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চের সামনে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। এর আগে ওই বেঞ্চ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ করে আদালত তাদের ক্ষমা করে দিয়েছেন।

অন্য আট আইনজীবী হলেন, বরিশাল বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, পিপি আবুল কালাম আজাদ ও নাজিমুদ্দিন পান্না, অ্যাডভোকেট মহসিন মন্টু, মিজানুর রহমান, আবদুল মালেক, সায়েদ এবং হাফিজ উদ্দিন বাবলু।

২৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পাঠানো একটি চিঠি এবং বরিশাল মহানগর দায়রা জজ মীর মো. আমতাজুল হকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

রুলে আইনজীবীদের কাছে জানতে চাওয়া হয়, কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না এবং এ অপরাধের জন্য কেন তাদের শাস্তি দেওয়া হবে না।