ময়মনসিংহে ডাকাতি হওয়া ১৯ গরু গাজীপুরে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

আজ বুধবার ভোরে গাজীপুর মহানগর এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ট্রাক ও গরুগুলো প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, 'মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ জেলার ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ট্রাকসহ ১৯টি গরু ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ট্রাকে থাকা গরুর মালিক, রাখাল, হেলপার ও চালককে হাত-পা বেঁধে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ফেলে রেখে ট্রাকটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।'

খবর পেয়ে সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। একপর্যায়ে গরুসহ ডাকাতি হওয়া ট্রাকটি চেকপোস্টের সামনে পৌঁছালে টহল দল ট্রাকটিকে থামার সংকেত দেয়।

কিন্তু ডাকাতদল পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে গরু-ট্রাক মহাসড়কের পাশে ফেলে ডাকাতদল পালিয়ে যায় বলে জানান ওসি আমিনুল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।