গোয়ালঘরে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন, সন্দেহজনক আচরণে ধরা দোকানি
পাবনার সুজানগরে গোয়ালঘরে অবৈধভাবে মজুদ দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এ তেল উদ্ধার করা হয়।
পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার নেতৃত্বে ভোক্তা অধিদপ্তর সকাল থেকে চিনাখড়া বাজারে অভিযান চালায়।
আভিযানিক দল জানায়, অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। স্থানীয়রা জানায়, দোকানের পেছনেই তার বাসা।
পরে দোকানের পেছনে অভিযান চালিয়ে গোয়ালঘরে মজুদ রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, 'সংকটকে কাজে লাগিয়ে তিনি ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ করেছিলেন। জব্দ করার পর তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।'
তিনি আরও বলেন, 'এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিলো। কিন্তু ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুদ করা তেল পাওয়া যায়।'
আতাইকুলা ও চিনাখড়াসহ চারটি বাজারের মোট ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তারা মজুদ করা ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিল।