ঠাকুরগাঁওয়ে জমির দখল নিয়ে সংঘর্ষে ৪ ভাইসহ আহত ৭
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আছেন একই পরিবারের চার ভাই আবু দাউদ (৬০), হারুন (৫৫), মোস্তফা (৪৫) ও আইয়ুব (৪০)।
আজ শুক্রবার বিকেলের এ ঘটনা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বজলুর রহমান ও আবু দাউদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। আজ বিকেলে বজলুর কয়েকজনকে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে দাউদের বাড়ির পেছনের জমির দখল নিতে যান।
তাদের উপস্থিতি টের পেয়ে দাউদ ঘটনাস্থলে গেলে একপর্যায়ে বজলুরের লোকজন তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের ওপরও হামলা চালানো হয়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আহতদের মধ্যে চার ভাই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।