ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, যুবক আটক

স্টার অনলাইন রিপোর্ট

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন এক ব্যক্তি। তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটক ইরফান জাহান নূর (৩৫) আদৌ কোনো চিকিৎসক কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সাড়ে ১১টার দিকে ইরফান সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর কার্যালয়ে যান। সেখানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার একটি প্রজ্ঞাপন দেখান। সেখানে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ অনুযায়ী ডা. ইরফান জামান নূরকে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনটি দেখে সন্দেহ হলে তারা এর সত্যতা যাচাই করেন। প্রজ্ঞাপনটি জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তার পেশাগত সনদ বা সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।