সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৭ মৌয়াল আটক

সংবাদদাতা, সাতক্ষীরা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে ঢুকে মধু সংগ্রহ ও মাছ শিকারের অভিযোগে সাত মৌয়ালকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম।

গত শুক্রবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারণ্য এলাকার রায়মঙ্গল নদীর বাওনে এলাকা থেকে তাদের আটক করা হয়। 

নোটাবেকী অভয়ারণ্যের বনপ্রহরী আহসান হাবীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মৌয়ালরা হলেন—মো. মাজেদ গাজী (৬১), হযরত আলী গাজী (৫০), মাকছুদুল গাজী (৫৭), মো. মুকুল হোসেন (৪৫), আব্দুল মান্নান (৫০), ওমর ফারুক (৩৬) ও আসাদুল ইসলাম (৫২)। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা।

বনপ্রহরী আহসান হাবীব ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মৌয়ালরা কয়েকটি দলে বিভক্ত হয়ে নোটাবেকী অভয়ারণ্যে ঢুকে মধু সংগ্রহ ও মাছ শিকার করছে। ওই তথ্যের ভিত্তিতে স্মার্ট পেট্রোল টিম ও নোটাবেকী অভয়ারণ্য কেন্দ্র যৌথভাবে শুক্রবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে একটি নৌকাসহ সাতজনকে আটক করে। পরে শনিবার দুপুর ৩টার দিকে তাদেরকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। 

বন আইনে করা মামলায় আদালত আটকদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠিয়েছে বলেও জানান আহসান হাবীব।

আটক মৌয়াল হযরত আলী গাজী জানান, গত ১ এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস (অনুমতি) নিয়ে তারা সুন্দরবনে ঢোকেন। মধু সংগ্রহের একপর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে রায়মঙ্গল নদীর নোটাবেকী অভয়ারণ্যের বাওনে এলাকায় ভুল করে ঢুকে পড়েছিলেন তারা। 

মৌয়ালদের দাবি, সেখান থেকে তারা কোনো মধু সংগ্রহ করেননি।