মঙ্গল শোভাযাত্রা বন্ধে হাইকোর্টে রিট

স্টার অনলাইন রিপোর্ট

আসন্ন পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার আয়োজন, প্রচারণা, অনুমতি প্রদান ও এতে সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট করেন।

রিটে শান্তি রক্ষা, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি এড়ানো ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর অধিকার ও ঈমান রক্ষায় মঙ্গল শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

আবেদনে তিনি পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মতো একটি 'নব্য উদ্ভাবিত' কার্যক্রমকে সরকারের পক্ষ থেকে প্রচারণা, অনুমোদন ও পৃষ্ঠপোষকতা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টকে রুল জারির প্রার্থনা করেন।

রিটে আরও বলা হয়, পাখি, মাছ, প্রাণীর বিশাল প্রতিকৃতি নিয়ে এই শোভাযাত্রার মাধ্যমে 'মঙ্গল' বা আশীর্বাদ প্রার্থনা করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ঈমান ও মূল ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংস্কৃতির নামে এই 'উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক' কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার জন্য কেন স্থায়ী নির্দেশ দেওয়া হবে না।

সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চারুকলা অনুষদের ডিনকে রিটের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মঙ্গল শোভাযাত্রার এই কার্যক্রমটি পহেলা বৈশাখের ঐতিহাসিক কোনো অংশ ছিল না এবং এটি ১৯৮৯ সালে 'আনন্দ শোভাযাত্রা' নামে শুরু হয়েছিল। এই কৃত্রিম সংযোজনকে রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়াকে সংবিধানের ৩১ ও ৪১ অনুচ্ছেদের লঙ্ঘন।

আইনজীবী মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি হাইকোর্টে আবেদনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করবেন।