দেড় যুগ পর রায়: দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৩ জনকে
নিজস্ব সংবাদদাতা, জামালপুর

দীর্ঘ দেড় যুগ পর জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আক্তার হোসেন আবেদীন হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। 

রায়ে একই পরিবারের দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জামালপুর জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মোতালেব হোসেন ও রশিদ জামাল গতু।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—রশিদ জামাল গতুর তিন ভাই আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ।

আদালত ও মামলার এজাহার থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০০৭ সালের ২২ মে রাতে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আসামিরা কৃষক আক্তার হোসেন আবেদীনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ২৩ মে নিহতের ছেলে সাইফুল ইসলাম থানায় চারজনের নাম উল্লেখ ও আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় এক নম্বর আসামি মোতালেব হোসেন আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ছয় নম্বর আসামি খোরশেদ আলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।