মঠবাড়িয়ায় ভুয়া ‘হৃদরোগ বিশেষজ্ঞকে’ ২ বছরের কারাদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত সুভাষ চন্দ্র মহন্ত ওরফে নুরুল হাসানের (৫০) বাড়ি বগুড়া সদর উপজেলায়।
আজ রোববার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরে সিয়াম ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় তাকে আটক করা হয়।
মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনের ২৮(৩) ধারায় সাজা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, 'সুভাষ নিজেকে হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে মঠবাড়িয়ায় চিকিৎসা দিয়ে আসছিলেন এবং এজন্য তিনি ঢাকার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লিয়াকত হোসাইনের পরিচয় ও নিবন্ধন নম্বর ব্যবহার করছিলেন।'
'তিনি ২০১৬ সালে নুরুল হাসান নামে এক নিবন্ধিত চিকিৎসকের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিএমডিসিতে নিবন্ধন নেন, যা পরে জালিয়াতি বলে ধরা পড়লে বাতিল করা হয়। এ ঘটনায় ২০২৪ সালে বিএমডিসি সতর্ক করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লিয়াকত হোসাইনের পরিচয় ব্যবহার শুরু করেন,' বলেন সুদীপ্ত দেবনাথ।
তিনি আরও বলেন, 'প্রকৃত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে একপর্যায়ে সুভাষ নিজের প্রতারণার কথা স্বীকার করেন।'