দেবীগঞ্জে প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর পোস্ট’, কলেজশিক্ষার্থী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে করা মামলায় এক কলেজ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ আদেশ দেন। আদালতের জিআরও আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নিশাদ ইসলাম (২০) উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফুল আলমের ছেলে। তিনি সোনাহার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ওই আপত্তিকর পোস্টটি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে আজ সকাল পৌনে ৯টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, ‘নিশাদ গতকাল তার ফেসবুক আইডিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার একটি ছবি পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

ওসি আরও বলেন, ‘ফেসবুকে ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং অভিযুক্তের বাড়িতে হামলার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও বিষয়টি যাচাই করতে পুলিশ তাকে ওই রাতে থানায় নিয়ে আসে।’

‘এ ঘটনায় মামলা হওয়ার পর প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে পোস্টটি নিশাদ ইসলামই করেছিলেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হয়,’ বলেন ওসি।

পৃথক মামলায় আরেক শিক্ষার্থী কারাগারে

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা আরেক মামলায় শাকিল আহমেদ (২৬) নামে আরেক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন পঞ্চগড়ের আরেকটি আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই আদেশ দেওয়া হয়।

ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

গত বুধবার সন্ধ্যায় ভাউলাগঞ্জ বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাতেই চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সম্রাট দেবীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

পরের দিন শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।