শরীয়তপুরে গণপিটুনিতে নিহতের পরিচয় মেলেনি ২ দিনেও
শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মারা যাওয়ার ২ দিন পেরিয়ে গেলেও নিহত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ।
সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিঙ্গাইরা এলাকায় গত শুক্রবার সকালে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চুরির সন্দেহে গণপিটুনির ওই ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার ১ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার।
তার মৃত্যুর পর গতকাল শনিবার রাতে ওই এলাকার কামাল চৌকিদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে আসা কলের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চুরির সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে ধারণা করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি জাতীয় পরিচয়পত্র করাননি।
ওসি আরও জানান, পরিচয় শনাক্তে মরদেহ থেকে কয়েক দফায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু তাতেও কোনো মিল পাওয়া যায়নি।
‘নিহতের পরিচয় জানতে গণমাধ্যমকর্মীদের ছবি দেওয়া হয়েছে। গণমাধ্যম ওই ছবি প্রকাশ করলে পরিচয় জানার সম্ভাবনা বেড়ে যাবে। মরদেহটি বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে,’ বলেন ওসি শাহ আলম।
পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইমান আলী মোল্যার ব্যাটারিচালিত ভ্যান চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন এক ব্যক্তি। টের পেয়ে ইমানের পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা জড়ো হন। এরপর আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক ও মারধর করা হয়।
আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভ্যানগাড়ি চুরির সময় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে। পরে উত্তেজিত লোকজন তাকে শেকল দিয়ে বেঁধে রেখে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
ডেইলি স্টারকে আরএমও মিতু বলেন, ‘সংকটাপন্ন অবস্থায় থাকা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। আমরা চিকিৎসা দিচ্ছিলাম। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যে তিনি মারা যান।’