ময়মনসিংহের সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার কাজল (৩৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার কান্দিউড়া এলাকার বাসিন্দা।
সোমবার রাতে তাকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল এক নারী তার ৩ বছরের মেয়েকে নিয়ে সুনামগঞ্জের নিজ বাড়ি থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি পথ হারিয়ে নান্দাইলে পৌঁছালে ৪ জন তাকে ধর্ষণ করে।
র্যাব জানায়, কাজলসহ অজ্ঞাতনামা ৪-৫ জন ওই নারীকে ধর্ষণ করে চলে যায়। এ ঘটনায় ২৬ এপ্রিল ওই নারীর বাবা মামলা করে। পরে চট্টগ্রামের র্যাব-৭ খবর পায়, মামলার প্রধান আসামি কাজল ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৭ ও ময়মনসিংহের র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কাজলকে গ্রেপ্তার করে।