‘যৌতুক না পেয়ে’ গৃহবধূকে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী দিনু মিয়া (৩০) রামধননগর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
ভুক্তভোগী স্ত্রী মীম আক্তার ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই দিনু ও তার পরিবারের সদস্যরা ব্যবসার কথা বলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। তবে আর্থিক সামর্থ্য না থাকায় সেই টাকা দিতে না পারায় মীমকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল।
পরিবারের অভিযোগ অনুযায়ী, গতকাল সকাল ১০টার দিকে নির্যাতন চরমে পৌঁছায়। ওই সময় দিনু উত্তেজিত হয়ে প্রথমে মীমকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মুখ ও হাতে আঘাত করেন। এরপর তার মাথার চুল কেটে দেন এবং এ কাজে দিনুর মা সহযোগিতা করেন।
নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় মীমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।
কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিয়া জামান তাপ্তি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মীম আক্তারের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।’
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’
ঘটনার পর থেকেই অভিযুক্ত দিনু পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া গেছে।