সুন্দরবনে গুলিতে জেলে নিহতের ঘটনায় বন কার্যালয়ে হামলা, আহত ৫
সুন্দরবনে গুলিতে জেলে নিহতের ঘটনায় সাতক্ষীরা রেঞ্জ ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন বনকর্মী আহত হন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে হামলা শুরুর প্রায় ৪০ মিনিট পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা—ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো. মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান (২৭)।
স্থানীয় সংবাদ কর্মী আব্দুল হালিম জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকশ জেলে লাঠিসোঠা নিয়ে প্রথমে সুন্দরবনের সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। সেখানে ভাঙচুর শেষে হামলা চালায় সাতক্ষীরা রেঞ্জ অফিসে। দুই অফিসের চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চলা হামলায় রেঞ্জ অফিসের ভিতরের ফটক ভেঙ্গে ফেলা হয়।
সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, হামলার বিষয় আচ করতে পেরে তারা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌপুলিশকে আগেই অবহিত করেছিলেন। কিন্তু ঘটনার আগে তারা কেউ এসে পৌঁছায়নি। হামলা শুরুর পর বিজিবি, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে আসেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা মতো ব্যবস্থা নেওয়া হবে। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এর আগে আজ সকাল ১০টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় গুলিতে নিহত হন কাঁকড়া শিকারি আমিনুর রহমান (৪৫)। তার সঙ্গে থাকা অন্য জেলেদের দাবি, গুলিটি বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের ছোড়া।
নিহতের সঙ্গে থাকা জেলে রমজান আলী গাজী জানান, ‘বৈধ পাস নিয়ে ৪ দিন আগে আমিনুর রহমান, আহম্মদ ও সেলিমের সঙ্গে আমি সুন্দরবনে কাঁকড়া ধরতে যাই। আজ সকালে শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নেওয়ার সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা আমাদের ডাক দেন। যেতে কিছুটা দেরি হলে টিমের সদস্যরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্মার্ট পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, শতমুখি খাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে বর্তমানে সুন্দরবনে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বন বিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে ঠিক কী ঘটেছে ও কার গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’