নম্বর প্লেটে স্কচটেপ দিয়ে এআই ক্যামেরা ফাঁকি দেওয়া মোটরসাইকেল চালকের কারাদণ্ড

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর সড়কের সিগন্যালে বসানো এআই-প্রযুক্তির ক্যামেরা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট স্কচটেপ দিয়ে ঢেকে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এমন কৌশল কাজে আসেনি।

নম্বর প্লেট ঢেকে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর অবশেষে ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত লাবলু হক (৩৮) ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা।

কারওয়ান বাজার এলাকা থেকে আটকের পর আজ মঙ্গলবার তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পরে তাকে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১৬(৩) ও ৭২ ধারা অনুযায়ী সাজা দেওয়া হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নম্বর প্লেটের কিছু অংশ সাদা স্কচটেপ দিয়ে ঢেকে সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন হেলমেট পরা একজন।

আজ এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান জানান, গত ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। এ ধরনের প্রতারণামূলক কৌশল অন্য চালকদেরও নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে উৎসাহিত করতে পারে—এমন আশঙ্কা থেকে একটা উদ্বেগ তৈরি হয়।

তিনি জানান, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়। তবে ভিডিও ফুটেজে আরোহীর মুখ স্পষ্ট না থাকায় প্রাথমিকভাবে তাকে শনাক্ত করা কঠিন ছিল।

পরে সিটিটিসি ইউনিটের সহায়তায় রাজধানীর বিভিন্ন অংশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের ধরন ও রেজিস্ট্রেশনের তথ্য মিলিয়ে শেষ পর্যন্ত সন্দেহভাজনকে শনাক্ত করে তদন্তকারীরা।

সিটিটিসির ডেপুটি কমিশনার মোহাম্মদ রকিব খান জানান, কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত লাবলুকে আটক করা হয়।

ডিএমপি জানায়, অভিযুক্তকে শাস্তি দেওয়া লক্ষ্য নয়, বরং ট্রাফিক আইন স্বতস্ফূর্তভাবে মেনে চলার ব্যাপারে সচেতনতা তৈরি করাই এই সাজার উদ্দেশ্য।

ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংবাদ ব্রিফিংয়ে সতর্ক করে ডিএমপি।