খালাস পেলেন নাসির-তামিমা

স্টার অনলাইন রিপোর্ট

ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় নাসির-তামিমা দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এক কর্মচারী বিষয়টি জানিয়েছেন।

আদালত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান। মামলায় অভিযোগ করা হয়, বাদীকে (রাকিব) যথাযথভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।

একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ মো. মিজানুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত এ মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো ভিত্তি না পাওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন।