মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলায় ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা আহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানোর সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এর মাত্র কয়েকঘণ্টা আগে ওই এলাকায় এক বিকাশ এজেন্টকে হামলা করেছিল ছিনতাইকারীরা।

ডিএমপি মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ঘটনার সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুজন আহত হয়েছে।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে আদাবর ব্রিজের কাছে ৭ নম্বর রোডে এক বিকাশ এজেন্টের দোকানে হামলা চালায় ছিনতাইকারীরা। হামলাকারীরা দোকানদারকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে আদাবর থানার ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ কাছাকাছি পৌঁছালে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায় এবং এতে ২ পুলিশ সদস্য আহত হন। আহত অপরজন উপপরিদর্শক তরুণ।

একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুজন আহত হন। আহত সন্দেহভাজন ছিনতাইকারীরা হলেন রাসেল (২৬) ও আমির (২৫)। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সহকারী কমিশনার মামুন জানান, পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন অপর ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।