রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ হাজার প্যাকেট বিড়ি জব্দ, গ্রেপ্তার ২
রংপুর মহানগরে বিশেষ অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ হাজার প্যাকেট ১ নম্বর হালিম বিড়ি জব্দ করেছে পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরপিএমপি জানায়, শুক্রবার রাতে হারাগাছ থানার ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১ নম্বর হালিম বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তাররা হলেন হারাগাছ থানার সারাই জুম্মাপাড়া এলাকার শহিদুল ইসলাম (৪৮) ও চেয়ারম্যানটারী এলাকার কামাল হোসেন (৫২)।
পুলিশ জানায়, জব্দ ৩৪ হাজার প্যাকেটে প্রায় ৮ লাখ ৫০ হাজার শলাকা বিড়ি আছে। এছাড়া প্রায় ৩৪ হাজার নকল ব্যান্ডরোলও জব্দ করা হয়েছে। এই বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।
এখানে প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, 'গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'