হাসপাতালের ডাস্টবিনের পাশে নবজাতক, কান্না শুনে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুসরাত ফারজানা খান আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'নবজাতক কন্যাশিশুটি বেঁচে আছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উদ্ধারের অল্প সময় আগেই সম্ভবত তার জন্ম হয়েছিল।'

হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণে নবজাতকের কান্নার শব্দ শুনে এক আয়া কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্স ও রোগীর স্বজনদের কয়েকজন ডাস্টবিন-সংলগ্ন ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে রাতেই হাসপাতালে যান গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। তিনি ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির নিরাপত্তা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে ফেলে গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'