ভাঙ্গায় দুই মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু, আটক ১৭

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাসামদিয়া ও আতাদী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও টহল জোরদার করা হয়েছে।

নিহত সুমন শেখ ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুমনের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা সুমন শেখ গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতিমা ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সুমন গুলিতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শাহবাগ থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, আজ বেলা পৌনে ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আটকের সংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ভালো বলতে পারবেন। তবে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ভাঙ্গা থানা পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।