পাবনায় আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়া সাবেক ছাত্রদল নেতা আটক
পাবনার ঈশ্বরদীতে প্রধান সড়কে অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় বাপ্পীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুরে তাকে পাবনা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।’
আটক জুবায়ের হোসেন বাপ্পী (৩৫) ছাত্রদলের সাবেক নেতা ও ঈশ্বরদী পৌরসভার বকুলের মোড় এলাকার বাসিন্দা। তিনি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাপ্পী তার নিজ বাড়ি থেকে শরীরে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে মহড়া শুরু করেন।
ঈশ্বরদী থানার কাছাকাছি পৌঁছালে অপর একটি পক্ষ তার বিরুদ্ধে পাল্টা মহড়া দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে থানায় গিয়ে বাপ্পী তার লাইসেন্সকৃত অস্ত্রটি জমা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের প্রদর্শন বেআইনি। কীভাবে তিনি লাইসেন্স পেয়েছেন এবং কেন এমন করলেন—তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে লাইসেন্স বাতিলের আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বাপ্পীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বলেন, ‘বাপ্পী মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।’
তবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আইন অনুযায়ী প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের কোনো সুযোগ নেই। আমাদের দলের হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’