গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাসায় ঢুকে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক।
আজ রোববার সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তারের (২৩) স্বামী জুয়েল ওমান থাকেন।
কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আসিফ ইকবাল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরিদর্শক আসিফ ইকবাল বলেন, 'আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন সানজিদা। সকালে এক যুবক ওই বাসায় গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।'
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।'
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।