নেত্রকোণায় কৃষকের ছদ্মবেশে পুলিশ, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোণার মদন উপজেলায় কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামি আতিকুল ইসলামকে গতকাল সোমবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তিনি বাচ্চু মিয়া (৬০) হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ জানায়, আতিকুল দীর্ঘদিন পলাতক ছিলেন। বাড়ির পাশের হাওরে তার অবস্থান শনাক্ত হওয়ার পর পুলিশ কৃষকের ছদ্মবেশে সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মার্চ বিকেলে বাচ্চু মিয়ার খেতের ধান খাচ্ছিল কয়েকটি গরু। এ নিয়ে গরুর মালিক আতিকুলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আতিকুল লোকজন নিয়ে হামলা চালান। বাশের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক বাচ্চু মিয়া।
ঘটনার পরদিন নিহতের ছেলে মো. আলামিন বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা করেন। এতে আতিকুল ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, এই মামলার তিন আসামি ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।