রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধর্ষণের অপরাধে মিঠুন শেখ সবুজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

সবুজের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর শেখের হাট (আদর্শপাড়া) গ্রামে। তার বাবার নাম মোজাহার শেখ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ৭ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। ১১ ডিসেম্বর ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। চলতি বছরের ২৯ মে পুলিশ ২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ৩০ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন।

বিচারিক আদালতের কৌঁসুলি (পিপি) তাজিবুর রহমান লাইজু জানান, সবুজের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই মামলার আরেক আসামি আতিক মিয়া নির্দোষ হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।