সায়েন্স ল্যাবরেটরির সাবেক কর্মকর্তা খুন, ছেলে আটক

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাবেক এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাকের মোহাম্মদ জোবায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নুরুল আলম (৭৪) বিসিএসআইআরের সাবেক উপ-প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি ২০০২ সালে অবসরে যান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ইফতেখার আলম সুমনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির কেয়ারটেকার বাড়ি ভাড়া নিতে গেলে সুমন তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে কেয়ারটেকারকে তিনি লাথি মারেন। 

পরে বাড়ির মালিক ও কেয়ারটেকার থানায় জিডি করতে যায়। আদাবর থানা পুলিশ তখন ওই বাড়িতে যায় এবং ঘরে রক্তাক্ত অবস্থায় নুরুল আলমকে পাওয়া যায় বলে জানান ওসি।