সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টার অনলাইন রিপোর্ট

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি এই ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতীয় ভাষণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। এরইমধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।

আজ সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।