ইরানের ৩ তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার মার্কিন সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর পর জবাব দিতে ইরানের এসব তেলবাহী জাহাজে হামলা চালানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ইরানের ব্যর্থ হামলার পর খারগ দ্বীপের উপকূলে থাকা আইআরজিসির অপরিশোধিত তেলবাহী জাহাজ এম/টি ডাউনি এবং জাস্কের কাছে থাকা এম/টি স্টার্ক ১-কে ‘স্থায়ীভাবে অচল’ করে দেওয়া হয়েছে।
এছাড়া ওমান উপসাগরে থাকা খালি অপরিশোধিত তেলবাহী জাহাজ এম/টি কাইলোও পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
বিবৃতিতে বলা হয়, জাহাজটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে একাধিকবার আঘাত করা হয়, যাতে সেটিকে পুরোপুরি অচল করে দেওয়া যায়। এর আগে জাহাজটির ক্রুদের সেটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই তিনটি জাহাজকে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ হিসেবে উল্লেখ করেছে। তবে হামলায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে জানা যায়নি।