বাংলাদেশের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক তৈরির প্রত্যাশা ভারতের

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত।

আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন।'

তিনি আরও বলেন, 'গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে তিনি মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন।'

রণধীর জয়সওয়াল বলেন, 'চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে, বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে।'