বিমানে যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে: বিমানমন্ত্রী
বিমানে যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
আজ সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বেসামরিক বিমান ও পর্যটন খাতে পূর্বের অনিয়ম ও দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।’
হজযাত্রীদের বিমানবন্দরে যেন কোনো অসুবিধা না হয়. সে বিষয়ে দৃষ্টি রাখা হবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা এয়ারপোর্টে নেমেই যেন কনফোর্ড জোনে থাকেন, তারা যেন বলতে পারেন এই সরকারের আমলে পরিবর্তন এসেছে, এই সকল কাজই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।’
সরকার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানান আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠিনভাবে নেমেছেন এবং আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা তার দেখানো পথে হাঁটছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের সততা ও আন্তরিকতা দিয়ে সেসব কাজ করতে হবে। অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
পরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন আফরোজা খানম রিতা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।