পাইলট প্রকল্প হিসেবে দ্রুতই বিতরণ হবে ‘কৃষক কার্ড’: তথ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

ফ্যামিলি কার্ডের মতো সরকার যত দ্রুত সম্ভব ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। আজকের বৈঠকটি মূলত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য আয়োজন করা হয়।

পারিবারিক কার্ডের আদলে যত দ্রুত সম্ভব পাইলট প্রজেক্ট হিসেবে এই কার্ড বিতরণ শুরু হবে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, কার্ডধারী কৃষকরা উৎপাদন সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা সরাসরি পাবেন। মূলত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতেই এই স্মার্ট কৃষক কার্ড প্রবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে।