এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

স্টার অনলাইন রিপোর্ট

হিজরি ১৪৪৭ সনের সাদাকাতুল ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজিত জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

সভার সিদ্ধান্ত অনুসারে, ইসলামী শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী আটা, যব, খেজুর, ও পনির—এসব পণ্যের যে কোনো একটি বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

গম বা আটার ক্ষেত্রে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা; যব ৩ কেজি ৩০০ গ্রাম বা ৫৯৫ টাকা; খেজুর ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৪৭৫ টাকা; কিসমিস ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৬৪০ টাকা ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।