শাহজালাল বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকার সোনার বার জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি১২৮ এর ওয়াশরুমে লুকানো এ বারগুলো জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ হওয়া সোনার বারগুলোর প্রতিটির ওজন ১১৬ গ্রাম এবং ৪০টির মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
কর্মকর্তারা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি১২৮ এ চোরাচালান করা সোনার বার আছে।
এরপর অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে বিমানের ভেতর ঢুকে ওয়াশরুম থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০টি সোনার বার জব্দ করে।