মনোনয়ন পেলেও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য কবিতা বিভাগে এ বছরের মনোনীত হলেও পূর্ব ঘোষণা ছাড়াই কবি মোহন রায়হানের পুরস্কার স্থগিত করেছে বাংলা একাডেমি।

গত ২৩ ফেব্রুয়ারি একাডেমি থেকে পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকায় কবিতা বিভাগে মোহন রায়হানের নাম ছিল। 

আজ বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের সময়ও তিনি উপস্থিত ছিলেন।

কিন্তু, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ থেকে তার নাম ঘোষণা করা হয়নি। পরে পুরস্কার না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মোহন রায়হান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কবি মোহন রায়হান বলেন, 'গতকাল সন্ধ্যায়ও আমি পুরস্কার গ্রহণের মহড়ায় অংশ নিয়েছি। তখনও আমাকে কিছুই বলা হয়নি।'

'কিন্তু আজ অনুষ্ঠানে আসার পর জানতে পারলাম আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে না। আমি এখনো জানি না এটা কি দাপ্তরিকভাবে বাতিল করা হয়েছে কি না। যদি বাতিল করা হতো, তবে সরকারি প্রজ্ঞাপন থাকা উচিত ছিল।'

মোহন রায়হান অভিযোগ করে বলেন, 'বাংলা একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন যে, আমার পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত "সরকারের সর্বোচ্চ পর্যায়" থেকে এসেছে।'

তার দাবি, কর্নেল তাহেরকে নিয়ে চার দশক আগে তার লেখা 'তাহেরের স্বপ্ন' কবিতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

'আমি শুনেছি ৪০ বছর আগে লেখা ওই কবিতার কারণেই আমাকে পুরস্কার দেওয়া হয়নি,' বলেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কবি মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি “সাময়িকভাবে স্থগিত” রাখা হয়েছে।'

তিনি বলেন, 'মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

তবে অন্যান্য বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ বা গবেষণায় সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মোস্তফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে মঈদুল হাসান এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।