স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে। এটা আমরা আগেও বলেছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর দেশের পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ১৭ তারিখ আমরা শপথ নিয়েছি। এখন তো অনেক ভালো।
তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের কারণেই আমি আজ কাজ করার সুযোগ পেয়েছি।
এর আগে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে পৌঁছান। সে সময় স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।