স্থগিত ফ্লাইটের সময়সূচি আগেভাগেই জানানো হবে: বিমান প্রতিমন্ত্রী
ইরান-ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর সময়সূচি পুনরায় নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়েই নতুন সূচি জানানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইরানে উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের প্রায় ৫৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও কিছু রুটের পরিকল্পনা স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি বিবেচনায় আমরা আজ থেকে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু করেছি।
সংশ্লিষ্ট সকল অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ফ্লাইটের সময়সূচি সমন্বয় করা হচ্ছে জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, গতকাল বেসামরিক বিমান পরিবহন সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় যোগাযোগও বজায় রাখা হয়েছে।
পুনঃনির্ধারিত ফ্লাইটের সময় চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পরিস্থিতির আর অবনতি না হলে স্থগিত হওয়া ফ্লাইটগুলো আগামীকালের মধ্যে চালু করে ক্ষতিগ্রস্ত যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যদি যুদ্ধ পরিস্থিতি আরও জটিল বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীরা যেন কোনো সমস্যায় না পড়েন, সেজন্য নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া রমজান মাসে ইফতারের ব্যবস্থাসহ যাত্রীদের সেবার বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী যাত্রীদের অনুরোধ জানিয়েছেন, তারা যেন বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তাদের ফ্লাইটের সঠিক সময় জেনে নেন।
তিনি উল্লেখ করেন, বিমানের কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রণালয়ের সচিব এবং বেবিচক চেয়ারম্যান সার্বক্ষণিক উপস্থিত রয়েছেন। কোনো যাত্রী যেন সমস্যার সম্মুখীন না হন, সেজন্য সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফ্লাইটগুলোর পুনঃসূচি এমনভাবে করা হচ্ছে যাতে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় পান বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, যদি সংঘাত আর না বাড়ে তবে সেটি ভালো। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।