যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

ইউএনবি

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা মিলেছে গ্রাফিতি বা দেয়াল শিল্প সুবোধের। 

ছদ্ম শিল্পী ‘হবেকি?’র ‘স্টপ ওয়ার’ সিরিজের দ্বিতীয় কাজ এটি। 

এই সিরিজের প্রথম গ্রাফিতিটি ২০২২ সালের এপ্রিলে মিরপুর-১২ এর সিরামিক রোডের একটি দেয়ালে দেখা গিয়েছিল। সেটি ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে।

আর সুবোধের সবশেষ গ্রাফিতি দেখা গিয়েছিল গত বছরের ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ের একটি দেয়ালে।

এবারের স্টেনসিল করা এই শিল্পকর্মটিতে দেখা যায়, সুবোধ খালি হাতে একটি ক্ষেপণাস্ত্র থামিয়ে দিচ্ছে। যে ধরনের ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিভিন্ন সংবাদে দৃশ্যমান হয়েছে। 

শিল্প পরিচর্যাকারী প্রতিষ্ঠান আর্টকনের প্রধান নির্বাহী এআরকে রীপন বলেন, ‘শিল্পীর উপস্থাপনা বোঝায় যে সাধারণ মানুষ চাইলে যুদ্ধ ও ধ্বংস থামানোর ক্ষমতা রাখে।’

উত্তেজনাপূর্ণ সময়েও শিল্পের ভূমিকা কেমন হতে পারে এবং যুদ্ধ ও সংঘাতের মাঝেও যে মানবতার জয় হওয়া উচিত— সে বার্তাই যেন দিচ্ছেন সুবোধ।

সর্বপ্রথম সুবোধের দেখা মিলেছিল ২০১৭ সালের ফেব্রুয়ারিতে, আগারগাঁওয়েরই একটি দেয়ালে।