দেশে পৌঁছাল দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ
ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।
আজ সোমবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক বিমানবন্দরে ব্রিফিংয়ে বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত চারজন বাংলাদেশির প্রাণ গেছে। এর মধ্যে বাহরাইনে একজন, দুবাইয়ে একজন, সৌদি আরবে দুইজন সহ মোট চারজন নিহত হয়েছেন। আমরা সৌদিতে নিহতদের পরিবারের সাথে কথা বলেছি। কিশোরগঞ্জের যিনি নিহত হয়েছেন, তার পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি।
তিনি বলেন, এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে প্রায় ১৪ জনের মতো আহত আছেন। আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো তাদের পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে আছেন, তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা বা পরামর্শ হলো- যতটা সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যে স্থানগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে, সেসব এলাকা এড়িয়ে চলতে হবে। যখন সতর্কতার সাইরেনসহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিকনির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলতে হবে।
এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর আইনবিরোধী কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গতকাল রিয়াদে আরও দুজন নিহত হয়েছেন এবং তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। তাদের মরদেহ কীভাবে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজও আমরা করছি। আশা করব যে আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়।
দুবাইয়ে নিহত আহমেদ আলী (যিনি সালেহ আহমেদ নামে পরিচিত) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন। বড়লেখা উপজেলার গ্রামের বাড়িতে তার দাফনকার্য সম্পন্ন হবে।
ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. গোলাম সরওয়ারও উপস্থিত ছিলেন।