সংসদ অধিবেশন কাল, যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু সড়কে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কুটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন।
এই অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে।
এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এদিন ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়ক
ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি— ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি— মানিক মিয়া এভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে।
সব প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে এই নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।