৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: আইনশৃঙ্খলা নিয়ে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী দিলে মন্দ হতো না।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা অলেন, 'এই সরকারের প্রথম তিন অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তা।'
'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি হয় ব্যঙ্গ করেন, আর না হয় বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান,' বলেন তিনি।
এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা।'
রুমিন ফারহানা বলেন, 'জ্বালানি নিয়ে আর কী বলব। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে "টুকু আসে টুকু যায়" - এই আসে এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।'
'যখন তেলের দাম বাড়ছে, বিদ্যুতে হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ৬২ হাজার লোক চাকরি হারিয়েছে। আর ৯০০টির বেশি কল-কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান কী তৈরি হবে,' প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, 'যারা চাকরি করছেন, তাদের চাকরিও আর কতদিন থাকে। মানুষ বাজারে যায় ৮০ টাকার নিচে সবজি নেই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে। চালের দাম বিশেষ করে মিনিকেটের দাম দ্বিগুণ হয়ে যায়।'