জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

সবাই ঐক্যবদ্ধ থাকব যাতে মাফিয়ারা পুনর্বাসিত হতে না পারে: স্পিকার

স্টার অনলাইন রিপোর্ট

বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি।’

‘এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে। দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সে জন্য প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।’

‘আশা করি, আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো,’ যোগ করেন তিনি।

আজ শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, ‘আজ আমি এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতি সৌদি আসতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। ৩১ জুলাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটি আক্রমণে আমি আহত হয়েছিলাম। আমাদের প্রায় ৮০ জন হতাহত হয়েছিল। ১৯৭১ সালে নয় মাসের রণাঙ্গনে মুক্তিযুদ্ধে বাংলার বীর সন্তানেরা বীর দর্পে যুদ্ধ করেছে, অনেক ত্যাগ-তিতিক্ষা, জীবনের বিনিময়ে তারা স্বাধীনতা অর্জন করেছে।’

এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি চব্বিশের অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে জানতে চাইলে স্পিকার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। এটি সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও করেছি।’

তিনি বলেন, ‘আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না। এটি সংসদের রেওয়াজের বাইরে।’

সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না বলেও এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

‘আমরা নিরপেক্ষ থাকবো এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে, আমাদের সেই ভূমিকা থাকবে,’ আরেক প্রশ্নের জবাবে বলেন হাফিজ।